নোয়াখালীতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রহমত উল্যাহ রনিকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
রোববার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে চাটখিল উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতার রহমত উল্যা রনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গাছিবাড়ির সামসুদ্দিনের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি লে. কমান্ডার মাহমুদুল হাসানা জানান, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশের ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।
এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ এবং মামলার রহস্য উন্মোচন করে তদন্ত শেষে গত বছরের ৬ এপ্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ফাঁসির দণ্ডাদেশ দেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যা রনিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, হত্যা মামলায় প্রথম আসামি লিপি আক্তারের সঙ্গে আকবর হোসেন বাবুলের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অন্যান্য আসামিদের সঙ্গে অর্থের প্রলোভনে পরিকল্পনা অনুসারে আকবর হোসেন বাবুলকে অপহরণ করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে দেন।