কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করেছে টাস্কফোর্স। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বৃহস্পতিবার সকালে বেনাপোল রেলস্টেশনে অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী উদ্ধার করা হয়।
.png)
বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার তানভীর আহম্মেদ, টাস্কফোর্সের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়ারা, শার্শা উপজেলার সহকারী কমিশনা (ভূমি) ফারজানা ইসলাম, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, রেল পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।
কোলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে চোরাচালান পণ্য আসছে। এমন গোপন খবরে, টাস্কফোর্স কর্মকর্তারা বেনাপোল রেলস্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ কাপড়সহ অন্যান্য পণ্য উদ্ধার করে। যার মূল্য ১৬ লাখ টাকা অধিক বলে টাস্কফোর্স কর্মকর্তারা জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল জানান, রেলে যাত্রীসেবা বাড়াতে, চোরাচালানীদের প্রতিরোধ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেল স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমস গোডাউনে জমা করা হয়েছে বলে জানান তিনি।