রোববার রাতে উপজেলার তারাব পৌরসভার টাটকি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার এ ব্যাপারে আহত ইসমাইল হোসেন মাছুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
ইসমাইল হোসেন মাছুম জানান, স্থানীয় জুয়ারি ও সন্ত্রাসী শাহীন ওরফে ফরমা শাহীন, জসিম, আকাশ ও নুরুন্নবীসহ কয়েকজন মিলে টাটকী এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছেন। ইসমাইল হোসেন মাছুম ও এলাকার স্থানীয় মুরুব্বিরা তাদের এলাকায় জুয়া খেলতে নিষেধ করেন। নিষেধ করার কারণে শাহীনসহ জুয়ারিরা ক্ষিপ্ত হয়ে মাছুম ও তার পরিবারকে হুমকি-ধামকি প্রদান করেন।
.png)
গত সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাছুমের ভাতিজা রনি ও নাহিদ টাটকি এলাকার জুয়ারি শাহীনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি তাদের আটকে রেখে মারধর করেন। বিষয়টি জানতে পেরে মাছুমের চাচাতো ভাই হোসেন আলী ও মাছুম মিলে জুয়ারি শাহীনের বাড়িতে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে বলেন। এ সময় শাহীন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাছুম ও হোসেন আলীকে পেটাতে থাকেন। একপর্যায়ে জুয়ারিরা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে মাছুম ও হোসেন আলীকে কুপিয়ে জখম করেন। এ সময় জুয়ারিরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।