ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৫ মার্চ ২০২৩
বগুড়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলার জুরান আলীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে দুই ধারায় এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার আসামি দুই নারীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কাহালু উপজেলার ধোয়া পাড়ার বাসিন্দা ইউনুস আলী মোল্লা। তার লাঠির আঘাতে নিহত হন জুরান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আশরাফুল সরকার, আফজাল হোসেন ফকির, আতাউর রহমান, সবুজ, জনি, সোহাগ ও সিরাজুল হক।

Advertisement

নিহত জুরান আলী পেশায় ভ্যানচালক ছিলেন। পূর্বশত্রুতার জেরে তাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তার বাবার নাম শামছুল আলী। নিহত জুরানসহ সাজাপ্রাপ্ত সবাই একই গ্রামের বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান, ২০০৭ সালের নভেম্বর মাসে জুরানকে হত্যা করা হয়। এ ঘটনায় জুরানের বাবা বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!