সোমবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র মো. রফিকুল আলম। এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহমুখদুম থানাধীন নওদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার তোতা মিয়ার ছেলে সবুজ হোসেন, ফারুকের ছেলে মো. মেহেদী এবং সুজানগরের আব্দুল হাকিমের ছেলে মো. সায়েম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে নগরীর সমবায় মার্কেটের দোকানের কর্মচারী হাফিজুর রহমান দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোবাইলে কল আসলে রিসিভ করে কথা বলতে থাকেন। রাত সাড়ে ১০টার দিকে শাহমুখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় দুইজন আরোহীসহ একটি অটোরিকশা পেছন থেকে দ্রুত গতিতে এসে তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যান।
.png)
এ সময় হাফিজুর রহমান তার মোটরসাইকেল ফেলে অটোরিকশার পিছনে দৌঁড়াতে থাকেন। পরে রাস্তায় শাহমুখদুম থানার পুলিশের টহল গাড়ি দেখে তিনি পুলিশকে ছিনতাইয়ের ঘটনাটি জানান।
শাহমুখদুম থানার এসআই আব্দুল মতিন জানান, ঘটনাটি শোনার পর পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে ছিনতাইকারী সবুজ, মেহেদী ও সায়েমকে গ্রেফতার করে। এ সময় তাদের থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহমুখদুম থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।