রোববার সকাল ৬টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি (ছাপিলা পাড়া) এলাকায় অগ্নিকাণ্ড ঘটে।
ব্যবসায়ী নাঈম ফরাজী জানান, সকালে নরসিংদীর বাবুরহাটে ব্যবসায়িক কাজের মালামাল আনার জন্য রওনা দিচ্ছিলাম। এ সময় ভাড়াটিয়ারা চিৎকার শুরু করলে আগুনের খবর পাই। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। মুহূর্তেই আগুন পাশের ১৮টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে প্রত্যেকের ঘরে থাকা ফ্রিজ, টিভি, আলমিরা ওয়ারড্রপ, শো-কেস, হাড়িপাতিল রাখার সেলফ ও খাটসহ সব মালামাল পুড়ে যায়। এতে বাড়ি মালিকের নগদ এক লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ১৮টি ঘরে আশপাশের হেমস্ গার্মেন্টস, আমান টেক্সটাইল, লাক্সমা গার্মেন্টসের শ্রমিকরা ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।
.png)
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টাকা হবে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তাধীন রয়েছে।