শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সুলতান মাতুব্বর নামে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে মীরাকান্দা গ্রামের ফারুক মীর মাছ কিনতে পুকুরিয়া বাজারে যান। এ সময় এক জেলের মাছ পছন্দ হলে ফারুক মীর দরদাম করেন। সেখানে দাঁড়িয়ে থাকা পুকুরিয়া গ্রামের করিম মাতুব্বর ফারুককে জানান, তিনি এই মাছের দাম করেছেন। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান মাতুব্বর নামে তৃতীয় একজন ব্যক্তি ফারুক মীরকে থাপ্পড় মারেন। তখন বাজারের কয়েকজন কসাই ফারুক মীরের পক্ষ নিয়ে করিম মাতুব্বরের ছেলে সুলতান মাতুব্বরকে মারধর করেন। এ খবর পেয়ে পুকুরিয়া গ্রামের লোকজন এবং নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।
.png)
ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম ঘটনার জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।