ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো চুরি, আটক ২

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ২৮ জানুয়ারি ২০২৩
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো চুরি, আটক ২
ছবি: সংগৃহীত

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রের তামার তার চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছেন খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রের সাইলো এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তানভির (২৪) ও এই উপজেলার চাঁদপুর গ্রামের ওবায়দুল্লাহ শেখ (২৩)।

রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তামার তার চুরি হবে- এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেখানকার সাইলো এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনের একটি দলকে দেখে ধাওয়া করা হয়। তাদের মধ্যে তার কাটার কাজে যুক্ত গ্রুপের সদস্যরা পালিয়ে গেলেও দুটি মোটরসাইকেল ও ১৫ কেজি তামার তারসহ দুইজনকে আটক করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, আটকদের কাছ থেকে তামার তার ছাড়াও দুটি স্মার্টফোন, তিনটি ক্রেডিট কার্ড, নগদ টাকা জব্দ করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধার মালামালসহ আটকদের পুলিশে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চুরি
লিংক সফলভাবে কপি হয়েছে!