ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩০ অটোরিকশা আটকে গণডাকাতি, নারীসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ২৭ জানুয়ারি ২০২৩
৩০ অটোরিকশা আটকে গণডাকাতি, নারীসহ আহত ৩০
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজিচালিত অটোরিকশা আটকে গণডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চাপরতলা ইউপির চাপড়তলা-ছাতিয়াইন সড়কের বুড়ইউরি গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা কমপক্ষে ৩০টি অটোরিকশা আটকে যাত্রীদের মারধর করে তাদের থেকে স্বর্ণালংকার, মোবাইল ও প্রায় নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। ডাকাতদের মারধর ও দায়ের কোপে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

তবে পুলিশের দাবি, ডাকাতদের হামলায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। ডাকাতরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিতে চেয়েছিল কিন্তু নিতে পারেনি। 

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল শুনতে সেখানে হাজারো ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। ওয়াজ শুনে ভোর ৪টার দিকে মুসল্লিরা অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে চাপরতলা-ছাতিয়াইন সড়কের বুড়ইউরি গ্রামের পাশে পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল যাত্রীবাহী ৩০ অটোরিকশা আটক করে। পরে যাত্রীদের নামিয়ে সড়কের পাশের জমিতে নিয়ে চোখ বেঁধে তাদের থেকে মোবাইল, নারীদের থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। যাত্রীদের চিৎকার শুনে তাদেরকে উদ্ধারে এগিয়ে যান সাদ্দাম মিয়া নামে এক যুবক। এ সময় ডাকাতরা তার হাতে রামদা দিয়ে কোপ দিলে হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

ডাকাতদের মারধরে আহতদের মধ্যে আলফাজ মিয়া, ফয়েজ মিয়া, ছোয়াব মিয়া, আলাল মিয়া, রমজান মিয়া, জোবাইদ মিয়া, আনালক মিয়া, আবু কালাম মিয়া, ভুট্টু মিয়া, হৃদয় মিয়া, আনাল হক, সাদ্দাম মিয়া, আনোয়ারা বেগম, শরিফা বেগম, ইন্তেজ আলী, লায়েছ মিয়া, ফায়েজ মিয়া ও আব্দুল মালেক মিয়ার নাম জানা গেছে।

শুক্রবার সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে আঙৃল হারানো সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আলফাজ মিয়া ও আলাল মিয়া জানান, তাদের সঙ্গে প্রায় একশত যাত্রী ছিলো। ডাকাতরা সবার মোবাইল ও টাকা নিয়ে যায়। তাদের মারধরে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। শুনেছি এই রাস্তায় প্রায়ই অটোরিকশায় ডাকাতি হয়। এই রাস্তায় রাতে টহল পুলিশ থাকলে ডাকাতির ঘটনা ঘটতো না।

এ ব্যাপারে চাপরতলা ইউপি পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আলী ও ইউপি সদস্য মো. হাবিব মিয়া আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, শুনেছি ভোররাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী ৩০ অটোরিকশা ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, শুক্রবার ভোররাতে বড়ইউরি গ্রামের পাশে অটোরিকশায় ডাকাতি হয়েছে বলে শুনেছি। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। ডাকাতরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিতে চেয়েছিল কিন্তু নিতে পারেনি। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!