ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৭ ডিসেম্বর ২০২২
যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক ইব্রাহীম

কক্সবাজারের রামুতে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের সময় ইব্রাহীম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপির পানেরছড়া ঢালায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃত রোহিঙ্গা ইব্রাহীম টেকনাফের লেদা মুছনী ক্যাম্পের ছালেহ আহমদের ছেলে। অটোচালক বেলাল উদ্দিন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি গ্রামের গোলাম শরীফের ছেলে।

অটোচালক বেলাল উদ্দিন জানান, সোমবার রাত ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মোড় থেকে উখিয়ার কুতুপালং যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেন তিন রোহিঙ্গা। পথে রামুর দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া ঢালায় পৌঁছালে জোরপূর্বক অটো থামিয়ে মারধর করেন। একপর্যায়ে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে দুই রোহিঙ্গা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। আরেক রোহিঙ্গা ইব্রাহীম মোবাইলসহ সর্বস্ব লুট করে পালানোর সময় তাকে আটক করে স্থানীয়রা। পরে রামু থানার এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আটক রোহিঙ্গাকে নিয়ে যায়। 

রামু থানার এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় রোহিঙ্গা যুবক ইব্রাহীমকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!