ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কৃষক হত্যা মামলার রায় ২৯ বছর পর, ৩ জনের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ১ ডিসেম্বর ২০২২
কৃষক হত্যা মামলার রায় ২৯ বছর পর, ৩ জনের যাবজ্জীবন 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষক সুনীল কুমার দাসকে হত্যার মামলায় ২৯ বছর পর দুই ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন, লালু মণ্ডলের ছেলে লিয়াকত আলী ওরফে ন্যাকো ও তার ভাই শওকত আলী।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাতে জমি নিয়ে বিরোধে দণ্ডিত আসামিরাসহ ১৫-১৬ জন লোক বাড়ি গিয়ে সুনীলকে হাত বেঁধে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার দণ্ডিত আসামিসহ অজ্ঞাত আসামিদের নামে থানায় মামলা করেন।

মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি সুলতান হোসেন, লিয়াকত আলী ও শওকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয়মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন জানান, এ হত্যা মামলায় আসামি ছিলেন ২৫ জন। এরমধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!