ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেদে পল্লীতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ৩০ নভেম্বর ২০২২
বেদে পল্লীতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জের বেদে পল্লীতে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন নামে যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্করের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা।

তিনি বলেন, কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের মনিরুল ইসলাম ও আরেক পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িতে হামলা করে ভাঙচুর করে।

খবর পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে রাসেল গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পাশের গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হন।

এরমধ্যে আরিফ হোসেন, মালা বেগম ও আব্দুল লতিফকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান আরিফ। পৌর কাউন্সিলর সজল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আরো বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!