সড়কের পাশে সেলফি, মোটরসাইকেলের ধাক্কায় আহত ৬
লক্ষ্মীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অপর একজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ফরহাদ হোসেন, তারেক হোসেন, মেহেদি হাসান ও শরীফ হোসেন সম্পর্কে বন্ধু হয়। তারা লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দা। অন্য আহত মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং নাজির শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী।
আহতদের স্বজনরা জানান, লক্ষ্মীপুর-ভোলা সড়কের শাকচর এলাকায় ৪ বন্ধু মোবাইলে সেলফি তুলছিলেন। এ সময় একটি সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেলফি তোলা ৪ বন্ধুর ওপর গিয়ে পড়ে। এতে ৪ বন্ধু ও মোটরসাইকেল চালক এবং সিএনজির একযাত্রীসহ ৬ জন আহত হয়।
সদর হাসপাতালের চিকিৎসক শামীম মোহাম্মদ আফজাল বলেন, আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।