ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আলু বীজের আড়ালে ট্রাকে পাচার হচ্ছিল আইস-ইয়াবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ১৯ নভেম্বর ২০২২
আলু বীজের আড়ালে ট্রাকে পাচার হচ্ছিল আইস-ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আইস ও ইয়াবাসহ মো. হোসেন (৩২) ও আবু হানিফ (৩৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। পরে পণ্যবাহী ট্রাকসহ ১১ হাজার ৮০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করে পুলিশ। 

আটককৃত মো. হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন যাবত পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজে জড়িত। আবু হানিফ তার সহযোগী হিসেবে কাজ করতেন। 

অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, ট্রাকটিতে আলুর বীজ সরবরাহের আড়ালে মাদকের চালানটি চট্রগ্রাম থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশে পাচার করা হচ্ছিল।

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। একপর্যায়ে আলুর বীজবোঝাই একটি ট্রাকচালকের গতিবিধি সন্দেহ হলে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে আলুর বীজের আড়াল থেকে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। পরে ট্রাকের ভেতরে থাকা চালক মো. হোসেন ও আবু হানিফকে আটক করা হয়।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আটককৃত ব্যক্তি মাদকবাহী ট্রাকে একাই ছিলেন। তার সঙ্গে আর কেউ ছিলেন না। জিজ্ঞাসাবাদে তিনি পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কথা স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!