ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পায়ের সামনে থুতু ফেলায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৪ নভেম্বর ২০২২
পায়ের সামনে থুতু ফেলায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক কিশোর নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মোবারক হোসেন শাহীন নামে এক কিশোর নরসিংদীর মাধবদী এলাকায় অবস্থিত তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল। ওই সময় সে রাস্তার পাশে থুতু ফেললে তা ইয়াসিন মিয়া নামে স্থানীয় এক যুবকের পায়ের সামনে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকায় আবারো দেখা হলে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ইয়াসিন ও তার তিন সহযোগী শাহীনকে কুড়াল ও ছুরি দিয়ে আঘাত করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন ১২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মারা যায় শাহীন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করলে রোববার রাতে পুলিশ নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!