পদ্মাসেতু নিয়ে গুজব, যুবকের ৫ বছরের কারাদণ্ড
উদ্বোধনের আগে পদ্মাসেতু নিয়ে গুজব ছাড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় রাজিব হোসাইন নামের এক যুবকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
জানা গেছে, মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রাজিব হোসাইন রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষার পর তাকে রাজশাহী কেন্দ্রেীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
মঙ্গলবার বিকেলে রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি রাজিব হোসাইন তার ফেসবুক প্রোফাইলে ২০২১ সালের অক্টোবরে একটি স্ট্যাটাস দেন। এতে ‘বাংলাদেশের পদ্মাসেতুর নির্মাণ চলা পথে বাধা পড়েছে, মানুষের মাথা লাগবে। ১ লাখ বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন। সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল। .....’-এমন একটি পোস্ট দেন।
এ ঘটনায় পরে ওই বছরের ৮ অক্টোবর রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শামীম সারোয়ার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর রাজিবকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে পুলিশ এই মামলায় আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটির বিচার কাজ শুরু হয়। এতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে আসামিকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।
একইসঙ্গে জরিমানা করেন দুই লাখ টাকা। জরিমানার এই টাকা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে রাজিব হোসাইনকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেন। জরিমানা করেন তিন লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে তার। অর্থাৎ মোট ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকার জরিমানা প্রদান করেন আদালত।