[ দেশজুড়ে ]
ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দাদা ও দুই নাতি নিহত
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল- ছবি: সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলেব খাঁ, রুহিন খাঁ ও সৈকত খাঁ। তাদের বাড়ি উপজেলার সুগন্ধি গ্রামে। সম্পর্কে রুহিন ও সৈকত মতলেব খাঁর নাতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত রুহিন ও সৈকতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রুহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সৈকতের মৃত্যু হয়।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর শুনেছি। ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/AS/আরএম/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!