ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাসপাতালে জমজ শিশু জন্মের পর নবজাতক চুরি!

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ৬ নভেম্বর ২০২২
হাসপাতালে জমজ শিশু জন্মের পর নবজাতক চুরি!
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে জমজ শিশু জন্মের পর অপারেশন থিয়েটার থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড টমাস সেন্টারে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী পরিবার জানায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার (২২)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রসব বেদনা নিয়ে সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড টমাস সেন্টারে ভর্তি হন ওই গৃহবধূ। গৃহবধূ গর্ভবতী হওয়ার পর সাত মাসের সময় আলট্রাসনোগ্রাফি করা হয়। এতে তার গর্ভে দুটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে ৮ মাসের সময় পুনরায় আল্টাসনোগ্রাফি করালে একটি ছেলে ও একটি মেয়ে শিশুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দুই নবজাতকের জন্য দুই ব্যাগ রক্ত আনতে প্রসূতির স্বামীকে বাইরে পাঠান। তিনি বাইরে থেকে দুই নবজাতকের জন্য রক্ত ও জামা কাপড় নিয়ে এসে দেখেন তাদের শুধু মেয়ে নবজাতক দেওয়া হয়েছে।

প্রসূতির স্বামী সামছুল আলমের অভিযোগ, অপারেশন থিয়েটার থেকে জমজ ছেলে শিশুটিকে সরিয়ে ফেলা হয়েছে। আমার বাচ্চা ফেরত চাই। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।  

গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারের চিকিৎসক উম্মে হাবীবা নবজাতক চুরির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আলট্রাসনোগ্রাফির রিপোর্টটি ভুল হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ বলেন, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখেছে। আসলে নবজাতক চুরির ঘটনা ঘটেনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নবজাতক
লিংক সফলভাবে কপি হয়েছে!