ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ৪ নভেম্বর ২০২২
গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মেহেরপুর-ঢাকা মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সাতটি গরুর মৃত্যু হয়েছে।

নিহত দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক ও বাসস্ট্যান্ডপাড়ার হারুণ অর রশিদের ছেলে মনির হোসেন। আহতরা হলেন রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম শেখ ও জেলা শহরের খন্দকারপাড়ার জহির উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম। 

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বরিশাল থেকে ১৯টি গরু নিয়ে ট্রাকটি মেহেরপুরে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এদের মধ্যে আশরাফুলকে গাড়ি কেটে মৃত অবস্থায় উদ্ধার এবং বাকি তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ লিয়ন মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!