ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোবিপ্রবিতে বান্ধবীকে গাঁজা সেবনের খবর জানানোয় সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ৩ নভেম্বর ২০২২
নোবিপ্রবিতে বান্ধবীকে গাঁজা সেবনের খবর জানানোয় সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এর জেরে হলের দরজা-জানালা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় নোবিপ্রবির ত্রিধর্মী উপাসনালয়ের সামনে বান্ধবীকে গাঁজা সেবনের খবর জানানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।    

খোঁজ নিয়ে জানা যায়, ভাষা শহীদ আব্দুস সালাম হলের গণরুমে (১০৪ নং কক্ষ) গাঁজা সেবন করেন বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের ২০২০-২১ বর্ষের বর্ষের শিক্ষার্থী সৌরভ সাহা। গাঁজা সেবনের খবর তার বান্ধবী জানতে পারায় ক্ষিপ্ত হন সৌরভ। বান্ধবীকে এ খবর জানানোর ঘটনায় তিনি সন্দেহ করেন একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদকে। এ জন্য ক্যাম্পাসের গাছ থেকে ডাব খাওয়ার কথা বলে হল থেকে স্বাধীনকে ত্রিধর্মী উপাসনালয়ের সামনে নিয়ে যান।

পরে স্বাধীনকে ত্রিধর্মী উপাসনালয়ের সামনে নিয়ে মারধর করেন সৌরভ। ঘটনাস্থলে স্বাধীনকে রক্ষা করতে কয়েকজন সিনিয়র এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হন সৌরভের কয়েকজন বন্ধু। পরে হল রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বাধীনকে ফের মারধর করেন তারা। এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী প্রলেক্স বড়ুয়া আহত হন। একপর্যায়ে উভয়পক্ষ ধাওয়া পাল্টা-ধাওয়ায় জড়ান এবং ভাষা শহীদ আব্দুস সালাম হলে ভাঙচুর চালায়। পরে আহত অবস্থায় প্রলেক্স বড়ুয়া ও স্বাধীনকে উদ্ধার করে রাত সোয়া ১টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে সৌরভ ও স্বাধীনের মুঠোফোনে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। আমরা জানামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। হলে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ বিষয়ে বসে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!