ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১০, ২৯ অক্টোবর ২০২২
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মারুফ হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের জেলেপাড়া পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার দ্বিন মোহাম্মদ ভেন্ডারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী এলাকা থেকে ইজিবাইকে করে চাষাড়ার দিকে যাচ্ছিলেন মারুফ। এ সময় ইজিবাইকটি জেলেপাড়া পুল এলাকায় পৌঁছালে তিনি ইজি বাইক থেকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি।

স্থানীয়রা আহত অবস্থায় মারুফকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এদিকে ঘটনার পর এলাকাবাসী ট্রাক ড্রাইভার নূর হোসেনকে (২৩) আটক করে মারুফের সঙ্গে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যায় ঘাতক ড্রাইভার। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, মারুফ ইজিবাইকে করে চাষারা যাওয়ার পথে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়। এই ঘটনায় আমরা ইজিবাইক এবং ট্রাক দুটোই আটক করেছি। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!