ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে ড্রেজারডুবি: একে একে ৮ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ২৭ অক্টোবর ২০২২
মীরসরাইয়ে ড্রেজারডুবি: একে একে ৮ জনের মরদেহ উদ্ধার
মীরসরাইয়ে ড্রেজারডুবি: একে একে ৮ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মরদেহ করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বশর হাওলাদারের মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ৯টার দিকে শাহিন মোল্লা ও সাড়ে ৯টার দিকে তারেক মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন।

তিনি বলেন, গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। এরমধ্যে আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারী, রহমান ফকিরের দুই ছেলে মো. আল-আমিন ফকির ও তারেক মোল্লা, নুরু সরদারের ছেলে আলম সরদারের মরদেহ উদ্ধার হয়েছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সর্বশেষ বশর হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিখোঁজ আট শ্রমিকেরই মরদেহ উদ্ধার করা হলো। 

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ড্রেজারডুবিতে নিখোঁজ আট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!