ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৪, ২৭ অক্টোবর ২০২২
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ওই উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাস চালকের সহকারী ২৪ বছরের বাবু মিয়া। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা ছিলেন। নিহত অন্যজন হলেন বাসযাত্রী ৩৮ বছরের মাহবুব রহমান তালুকদার। মাহবুব বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ডালপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। এ দুজনের মধ্যে বাবু ঘটনাস্থলে ও মাহবুব বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুলতান।

জানা গেছে, সিয়াম নামে একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি সামনের আরো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেহ বিচ্ছিন্ন হয়ে মারা যান বাসের হেলপার বাবু। পরে আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসযাত্রী মাহবুবের মৃত্যু হয়।

এসআই সুলতান বলেন, এই দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে বর্তমানে চারজন চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!