নিজের অপহরণ নাটক সাজিয়ে আটক হলেন জুয়ায় আসক্ত যুবক
অনলাইন জুয়ায় আসক্ত গেমসে লগ্নি করতে নিজের অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছ থেকে অর্থ আদায় করতে গিয়ে র্যাবের হাতে আটক হয়েছেন তাকহীমুল আলম নিশান নামে এক যুবক।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নিশান শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। নিশান লেখাপড়ার পাশাপাশি তার বাবার কর্মস্থল যশোর শহরে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার দুপুর ১২টার সময় কুষ্টিয়া মজমপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে র্যাব-১২ সিপি-১ কুষ্টিয়া ক্যাম্প। এরপর বিকেল ৪টা র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ অক্টোবর রাতে যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকা থেকে তাফহীমুল আলম নিশান নিখোঁজ হয়। পরবর্তীতে রাত আনুমানিক ১২টার সময় নিখোঁজ তাফহীমুল আলম নিশানের ব্যবহৃত নম্বর থেকে তার বাবাকে মোবাইল ফোনে মেসেজে মাধ্যমে জানানো হয় যে, তার ছেলে তাফহীমুল আলম নিশানকে অপহরণ করা হয়েছে। ছেলেকে জীবিত ফিরে পেতে হলে তিন লাখ টাকা দিতে হবে। মুক্তিপণের টাকা পাঠানোর জন্য তার বাবাকে একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশান জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত গেমস খেলে আসছেন। নিখোঁজ হওয়ার আগের দিন তিনি তার বাবার কাছ থেকে অনলাইন জুয়ায় লগ্নি করার উদ্দেশে মিথ্যা কথা বলে ৫০ হাজার টাকা নেন। কিন্তু তিনি ঐ টাকা হারিয়ে ফেলেন। এরপর তিনি তার বাবার ভয়ে হারানো টাকা ফিরে পাওয়ার জন্য নিজেই অপহৃত হওয়ার পরিকল্পনা করে এবং যশোর থেকে কুষ্টিয়া শহরে এসে একটি আবাসিক হোটেলে উঠেন।