[ দেশজুড়ে ]
নোয়াখালীতে সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেলোয়ার হোসেন মোহন নামে ২৮ বছর বয়সী এক সৌদি আরব প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্যাহ চৌধুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহন একই বাড়ির মফিজ উল্যার ছেলে।
নিহতের চাচাতো ভাই অহিদ উল্যাহ চৌধুরী দিদার জানান, আড়াই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন মোহন। তিনি নেশাগ্রস্ত ছিলেন।
কয়েকদিন আগে ব্লেড দিয়ে নিজের শরীর কেটে ফেলেন তিনি। রোববার সকালে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে নিজ কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ প্রবাসী। বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে মোহনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।
কোম্পানীগঞ্জ থানার এসআই আল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!