[ দেশজুড়ে ]
বাজারে মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় দুই বাজারে অভিযান পরিচালনা করে চিনি বেচাকেনার তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানের সামনে মূল্য তালিকা না থাকায় ও কেনাবেচার রশিদ সংরক্ষণ না করার অপরাধে তাদের জরিমানা করা হয়।
শনিবার বিকেলে সদরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, বিকেলে দুই বাজারে অভিযান চালানোর সময় চিনি বেচাকেনার তিন প্রতিষ্ঠানে মূল্য তালিকা পাওয়া যায়নি। এছাড়াও কেনাবেচার রশিদ সংরক্ষণ না করায় ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদেরকে মোট ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!