ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অধিকারকর্মী হওয়ার জেরে সাংবাদিকের বাড়ি পুড়িয়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ১২ অক্টোবর ২০২১
অধিকারকর্মী হওয়ার জেরে সাংবাদিকের বাড়ি পুড়িয়ে ছাই
পিরোজপুর জেলার ম্যাপ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে সমকামী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করায় এক সাংবাদিকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে। ১২ অক্টোবর (মংগলবার) এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরবাড়ি ও মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

​ভুক্তভোগী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট এস এম মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মানবাধিকার এবং সমকামী ও যৌন সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার থাকায় স্থানীয় একটি গোষ্ঠী তাঁর ও তাঁর পরিবারের ওপর চরম ক্ষিপ্ত ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু লেখালেখিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা গুজব ছড়ানো হয়। এরই জের ধরে গত রাতে কিছু উগ্রপন্থী লোক সংগঠিত হয়ে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

​"মোস্তাফিজের কথাবার্তা ও সামাজিক মাধ্যমে লেখালেখি নিয়ে গ্রামের কিছু তরুণ ও ধর্মীয় চরমপন্থী মানুষ অনেক দিন ধরেই উত্তেজিত ছিল। তারা ওকে গ্রামছাড়া করার ভয় দেখাচ্ছিল। হুট করে রাতে দেখি আগুন জ্বলছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরটা পুড়ে ছাই হয়ে গেল।"


​আরেক স্থানীয় বাসিন্দা জানান,

​"পোশাক-আশাক আর চিন্তা-ভাবনা নিয়ে গ্রাম্য সমাজে তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছিল। তবে এভাবে একটা মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের শাস্তি চাই।"


​এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

​"উক্ত পরিবারের ওপর আগেও স্থানীয় কিছু লোক হামলা চালিয়েছিল বলে আমরা জেনেছি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির পেছনে কারা জড়িত তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


​বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!