নগদকর্মীকে হত্যার ঘটনায় গ্রেফতার ১
কক্সবাজারের টেকনাফে নগদ এজেন্টকর্মী আব্দুর রহমান (৩২)হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার ঝিনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. শওকত আলম (৩৮) সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপড়ার মৃত আলী আকবরের ছেলে ও আবদুর রহমান হত্যা মামলার ৭ নম্বর আসামি।
পুলিশ জানায়, গত সোমবার সকালে সাবরাং ইউপি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশ থেকে আবদুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রহমান সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এজেন্টদের সুপারভাইজার ছিলেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আবদুর রহমানের ছোট ভাই আবদুস শুক্কুর (২৮) বাদী হয়ে হাবিবুল্লাহকে (৩৭) প্রধান আসামিসহ আটজনের নাম উল্লেখ করে এবং পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
কক্সবাজার র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। বুধবার ভোররাতে মামলার এজাহারভুক্ত আসামি শওকত আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।