ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রায় শুনেই আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২২
রায় শুনেই আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি
ফাইল ফটো

মৌলভীবাজার আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামি। বুধবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টর দীপংকর বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এদিকে সংশ্লিষ্ট আদালত পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করেছেন। মঙ্গলবার মৌলভীবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে এ ঘটনা ঘটে।

কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মো. মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামি করে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চূড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৮ লাখ টাকা পরিশোধের আদেশ দেন। রায় শুনেই আসামি বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

কোর্ট পুলিশের ইনচার্জ ইউসুফ আলী বলেন, রায় শুনার পর কৌশলে আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও গ্রেফতার করা সম্ভব হয়নি। 

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!