[ দেশজুড়ে ]
মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল এনজিওকর্মীর
ফাইল ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান নামে ৩৫ বছর বয়সী এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব চাঁদপুর সদর উপজেলার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারি বাড়ির আলমগীর হোসেনের ছেলে। তিনি বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশনের মিরসরাই অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, দুপুরে খৈয়াছড়া ঝরনা এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন হাবিব। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমগীর আরো জানান, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!