ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৩৬ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন নারী ইউপি সদস্য

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২২
৩৬ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন নারী ইউপি সদস্য
ছবি: সংগৃহীত

২০ বছর আগে বাল্যবিয়ের কারণে বন্ধ হয়ে যায় আছিয়া বিবির লেখাপড়া। এখন বয়স ৩৬ হলেও পড়ালেখা শেখার ইচ্ছেটা মরেনি কখনো। আছিয়া বিবি গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ কারিগরি ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ থেকে এসএসসি ভোকেশানাল পরীক্ষা দিচ্ছেন তিনি। 

২০ বছরের সংসারে জীবনে রয়েছে এক মেয়েসন্তান। এরই মধ্যে মেয়ের বিয়েও দিয়ে দিয়েছেন। নির্বাচন করে স্থানীয় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন আছিয়া বিবি। আছিয়া বিবির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কোয়ালীপাড়া গ্রামে। তিনি যোগীপাড়া ইউপির সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য। বিয়ের আগে ভটখালী বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন সপ্তম শ্রেণি পর্যন্ত। তাও ২০ বছর আগে। পরে প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায়। 

ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, আমাদের কেন্দ্রে ভালোভাবেই পরীক্ষা হচ্ছে। ইউপি সদস্য হওয়ায় আছিয়া বিবি নিয়মিত ক্লাসে থাকতে পারেননি। তবে পরীক্ষা ভালো করছেন বলে শিক্ষকদের জানিয়েছেন। 

আছিয়া বিবি বলেন, ভালোভাবেই পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার আগে প্রস্তুতি ভালো ছিল। ভালোভাবে লেখাপড়া করেছি। আমার ইচ্ছে ছিল একদিন পড়ালেখাটা করব। ইচ্ছেশক্তির কাছে কোনো কিছুই বাধা নয়। আমি প্রমাণ করতে চাই। আমি আগামীতে আরও পড়তে চাই। জনসেবার পাশাপাশি পড়ালেখাটাকেও আমি এক ধরনের সেবা মনে করি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!