[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা-প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।
আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমি ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কুষ্টিয়ায় নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত হয়েছি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!