ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিকিৎসা-ওষুধ না পেয়ে অসুস্থ বিড়াল নিয়ে ডিসি অফিসে তরুণ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২২
চিকিৎসা-ওষুধ না পেয়ে অসুস্থ বিড়াল নিয়ে ডিসি অফিসে তরুণ
অসুস্থ বিড়াল

অসুস্থ বিড়ালের সুচিকিৎসা না পেয়ে চিকিৎসকের বিরুদ্ধে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে অভিযোগ করেছেন মিতুল নামে এক তরুণ।

বুধবার দুপুরে এ অভিযোগ করেন তিনি। মিতুলের বাড়ি রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকায়। তার বাবার নাম শাহজাহান শেখ।

মিতুল জানান, দুই বছর ধরে একটি বিড়াল পোষেন মিতুল। শখ করে এর নাম রেখেছেন ‘পুষি’। নিজে যা খান পুষিকেও তা খাওয়ান। একই সঙ্গে দুধ, মাছ ও বিস্কুট খাওয়ানো হয়। করেছেন ঘুমের ব্যবস্থাও। আলিশান বিছানায় রাত কাটায় বিড়ালটি।

তিনি আরো জানান, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে পুষি। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে ডান চোখ লাল হয়ে ফুলে যায়। বিড়ালের এমন অসুস্থ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মিতুল। চিকিৎসার জন্য ১০ সেপ্টেম্বর পুষিকে নগরীর টিকাপাড়ার বাশার রোড এলাকার ‘কিটক্যাট’-এ (কেয়ার অ্যান্ড কিউর) নেন এ তরুণ।

পুষিকে সেবা দিতে দেখেন ভেটেরিনারি সার্জন ডা. মো. নিয়ামত উল্লাহ। পুষিকে দেখতে ৫০০ টাকা ফিও নেন এ চিকিৎসক। তবে তিনি শুধু দেখেই ওষুধ লিখেছেন। বিড়ালের চোখ তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এসব মোটেও করেননি।

মিতুল বলেন, কোনো প্রাথমিক চিকিৎসা না পেয়ে বিড়ালকে বাসায় নিয়ে আসি। এছাড়া ব্যবস্থাপত্রে লিখে দেওয়া ওষুধ কিনতে নগরীর লক্ষ্মীপুরে যাই। কিন্তু হতাশ হলাম। অসংখ্য ফার্মেসি খুঁজেও এসব ওষুধ পাইনি। বৃষ্টিতে ভিজে দুদিন ধরে রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় ওষুধ খুঁজছি। অথচ কোনোভাবেই এসব ওষুধ মিলছে না।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বিড়ালটি সমস্যা দেখে সুচিকিৎসা দিতে জেলা প্রাণিসম্পদ দফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. ইসমাইল হককে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে কিটিক্যাটের ভেটেরিনারি সার্জন ডা. মো. নিয়ামত উল্লাহর মুঠোফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!