সাজেকে প্রথমবারের মতো চালু হলো এসএসসি পরীক্ষা কেন্দ্র
সারাদেশে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথমবারের মতো রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রথমবার বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সাজেকের দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো। এতে ছাত্র-ছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো। তবে এবার বাঘাইহাটে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হয়েছে।
সজল চাকমা নামে এক পরীক্ষার্থী বলে, আগে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো। এখন বাড়ি থেকে পরীক্ষা দিতে পারছি। এতে আমাদের কষ্ট, টাকা, সময় সবকিছু বাঁচবে।