বাহুবলে হত্যা মামলার আসামি গ্রেফতার
হবিগঞ্জের বাহুবলে আবুল খায়ের চৌধুরী সুয়েব হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। পরে তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ছুরি, লোহার রড, বঁটি ও দা উদ্ধার করা হয়।
শনিবার রাতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত মোনশেদ মিয়া বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শওকত আলীর ছেলে।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ থেকে আবুল খায়ের চৌধুরী সুয়েব হত্যা মামলার অন্যতম আসামি মোনশেদ মিয়াকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাহুবল থানার এসআই মোহাম্মদ আবু মোকসেদ জানান, আসামির দেওয়া তথ্যমতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় আসামিদের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, লোহার রড, বঁটি ও দাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বিকেলে পূর্ব বিরোধের জের ধরে সুয়েব চৌধুরীকে কুপিয়ে হত্যা করেন গ্রেফতারকৃত মোনশেদ আলীসহ একদল লোক। এ ঘটনার পরদিন নিহতের মা রহিমা চৌধুরী সাতজনের নাম উল্লেখসহ তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত সুয়েব চৌধুরী বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শঙ্করপুর গ্রামের আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে।