বজ্রপাতে মারা যাওয়া ৯ কৃষকের পরিবার পাচ্ছে ২৫ হাজার টাকা করে
সিরাজগঞ্জে বজ্রপাতে মারা যাওয়া প্রতি কৃষক পরিবার ২৫ হাজার টাকা করে পাচ্ছে বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হতাহতদের পরিবারের খোঁজখবর নিয়েছি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে ৯ জন মারা যান। এর মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছেন। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।
মৃতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। মৃতদের অন্য ৪ জন হলেন- মাটিকোড়া গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল কুদ্দুস (৬০), নুরু জোয়াদ্দারের ছেলে শাহ আলম পিতা (৪২), আব্দুল আলিমের মেয়ে রিতু খাতুন (১৪), মোস্তফার মেয়ে আওলিয়া খাতুন। আহতদের উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই কৃষি শ্রমিক।
উল্লাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন।