ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সন্তানকে হত্যা করে মাটিচাপা, বাবা-মাসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ৭ সেপ্টেম্বর ২০২২
সন্তানকে হত্যা করে মাটিচাপা, বাবা-মাসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী বেগমগঞ্জে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার তিনদিন পর মাটি খুঁড়ে নূর হোসেন শাকিল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা-মাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গত শনিবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শাকিলকে হত্যা করে লাশ বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখেন। নিহত শাকিল একই এলাকার বাবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- নিহত শাকিলের ছোট ভাই এমাম হোসেন, বাবা বাবুল হোসেন ও মা ফাতেমা বেগম।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার পারিবারিক কলহের জের ধরে শাকিলকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে হত্যা করেন। এরপর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে লাশ মাটিচাপা দেন। বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!