জাল টাকায় ঋণ শোধ করে থানায় ফোন নারীর, ফাঁসলেন নিজেই
ঝালকাঠির রাজাপুরে জাল টাকায় ঋণ পরিশোধ করে থানায় ফোন দিয়ে ফেঁসে গেছেন বিউটি মিস্ত্রি নামে এক নারী। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকা থেকে বিউটিকে আটক করা হয়। তিনি একই এলাকার জয়ন্ত মিস্ত্রির স্ত্রী।
স্থানীয়রা জানায়, পাঁচ মাস আগে নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে ১৭ হাজার টাকা ধার নেন বিউটি। ১৫ দিন আগে ওই টাকা পরিশোধ করেন তিনি। একই সঙ্গে সাত হাজার টাকার পুরোনো নোট পরিবর্তন করে নতুন টাকা দেন। বিষয়টি না বুঝে টাকা রেখে দেন সুবর্ণা। সোমবার ৫০০ টাকার একটি নোট নিয়ে দোকানে যান তিনি। কিন্তু নোটটি জাল বলে জানান দোকানি। পরে বাসায় ফিরে বাকি নোটও যাচাই-বাছাই করে জাল হিসেবে সন্দেহ হয় তার। এর মধ্যেই নিজেকে নির্দোষ দাবি করতে থানায় ফোন দেন বিউটি।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপরই বেরিয়ে আসে ঘটনার আসল রহস্য। পরে বিউটিসহ পাঁচজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে দোষী প্রমাণিত হন বিউটি। তিনি এর আগেও ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে এসব টাকা পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে ঋণ নেয়া হয়েছে বলে জানান অভিযুক্ত বিউটি।
রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার বলেন, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দেই।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় বিউটির বিরুদ্ধে মামলা করেন এসআই সুমন। ওই মামলায় বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।