চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, হোতা আটক
হবিগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের হোতা কাউছার মিয়াকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কামান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাউছার মিয়া শহরের মোহনপুর এলাকার তৈয়ব আলীর ছেলে।
র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কামান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গত ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি চক্র জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের এক গৃহবধূকে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দিয়ে শহরের ২নং পুল বাইপাস রোড এলাকায় নিয়ে আসে। সেখানে একটি পরিত্যক্ত টিনশেড বিল্ডিংয়ে নিয়ে কাউছারের নেতৃত্বে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
পরে এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে গত ২৮ আগস্ট ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। বিষয়টি নজরে আসলে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউছারকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ আগস্ট এ ঘটনায় জড়িত আরো দুই আসামিকে আটক করে র্যাব। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।