রাতে বাড়ি না ফেরা রিকশাচালকের রক্তাক্ত দেহ মিলল সড়কের পাশে
সাভারে নাসির নামে ৩৫ বছর বয়সী এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের ঝাউচড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসির বাগেরহাট জেলার বাসিন্দা।
নিহতের স্ত্রী লাভলী আক্তার বলেন, সোমবার রিকশা নিয়ে বের হন নাসির। তবে রাতে আর ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে গ্যারেজে গিয়েও দেখেছি। কিন্তু কোনো সন্ধান পাইনি। সকালে ঝাউচড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার এসআই জাহিদ হাসান বলেন, ভোরে ঝাউচড় এলাকায় সড়কের পাশে মরদেহ দেখে ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। পরে নাসিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পেটে, কাঁধে ও গলাসহ বেশ কয়েক স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। রিকশা ছিনতাই করতেই নাসিরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।