টাঙ্গাইলে রাইস মিলে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
টাঙ্গাইলের গোপালপুরে একতা রাইস মিলের সাইলো ভেঙে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, রাইস মিলের সাইলো ভেঙে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডে সাইলো ভেঙে তিন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হন। নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে আরিফ, একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম এবং নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ঐ রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।