যেখানে প্রতিদিন বিক্রি হচ্ছে ১৮ কোটি টাকার আম
চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। এ জেলায় শেষ মুহূর্তেও জমে উঠেছে আমের বাজার। এখনো প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট বাজারে আম বেচাকেনা হচ্ছে প্রায় ১৮ কোটি টাকার। এ বছর আমের ভালো দাম পাওয়ায় ব্যবসায়ীরা বিগত বছরের লোকসান পুষিয়ে নেয়ার প্রত্যাশা করছেন।
কানসাট আম বাজারে দেখা যায়, ভরা মৌসুমের মতো এখনো আমের বাজার জমে আছে। বিক্রেতারা ডালিতে সাজানো আম নিয়ে অপেক্ষা করছেন। এখানে প্রতিমণ আশ্বিনা আম বিক্রি হচ্ছে সাড় চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত।
শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের চাষি আসলাম আলী জানান, তিনি আশ্বিনা আম নিয়ে বাজারে আসেন। তিনি প্রতি মণ চার হাজার ৮০০ টাকা দরে বিক্রি করেন। এবার প্রায় সব জাতের আমের দাম ভালো ছিল।
উপজেলার কানসাট বাজার আম আড়তের ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু জানান, দেশের অন্যান্য জায়গায় আম শেষ হয়ে গেলেও এ বাজরে আরো এক মাস আম থাকবে। বর্তমানে আশ্বিনা আম বেশি পাওয়া যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রাজিবুর রহমান জানান, এ জেলার শিবগঞ্জে বেশি আম উৎপাদন হয়। শিবগঞ্জ উপজেলায় কানসাট আম বাজার অবস্থিত। এ বাজারে এখনো আম বেচাকেনা চলছে। শেষ সময়ে এসেও এখানে প্রতিদিন প্রায় ১৮ কোটি টাকার আশ্বিনা, গৌড়মতি এবং কাটিমন আম বেচাকেনা হচ্ছে।