ভৈরবে ৫ হোটেল মালিককে ৭৬ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জরে ভৈরবে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ খাদ্য তৈরি এবং খাবারের মূল্য না থাকায় পাঁচটি হোটেলকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী ভৈরব শহরের দুর্জয়মোড় বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
এ সময় শহরের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা হোটেলকে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হোটেল রোমান এবং ঝিলিক হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে তাদেরকে সতর্ক করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় দুর্জয় মোড়ের আড়িয়ান হোটেল এবং ভৈরব হোটেলকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, দুর্জয়মোড় ও সিলেট বাসস্ট্যান্ডের হোটেল-রেস্টুরেন্টের খাবারের মান ও দাম নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষ করে দূরের যাত্রীরা দুর্ভোগের শিকার হন বেশি। অভিযোগের সত্যতা পাওয়া এবং মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় ৫ খাবার হোটেল মালিকদেরকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করে সতর্ক করা হয়েছে।
তিনি আরো জানান, আগামীকাল থেকে সব হোটেলে মূল্য তালিকা সঠিকভাবে লিখে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন এবং পরিবেশ ঠিক রাখবেন বলে হোটেল মালিকরা অঙ্গীকার করেছেন।