নিখোঁজ খাদেমের অর্ধগলিত লাশ মিলল গোয়ালঘরে
কুমিল্লার চৌদ্দগ্রামে গোয়ালঘর থেকে মাজারের খাদেম রেজাউল করিমের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চিওড়া ইউপির লতিফ শিকদার গ্রামের পীরবাড়ী থেকে লাশটি করা হয়। তিনি লতিফ শিকদার মাজারের খাদেম ছিলেন।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৬টার দিকে মাজারের লাইট বন্ধ করার জন্য ঘর থেকে বের হন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির লতিফা বেগম নামে এক নারী ঘোয়ালঘরের পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা ঘোয়ালঘরের তালা খুলে খড়ের গাদার নিচে রেজাউল করিমের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রেজাউল করিমের বোন রোকেয়া বেগম বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তিনি মাজারের খাদেম ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুলিশ মূল রহস্য বের করবে।
রেজাউল করিমের স্ত্রী রাশেদা বেগম বলেন, তিনি একজন মানসিক রোগী। সবসময় আমাকে মারধর করতেন। শুক্রবার রাত ১২টার দিকে রান্না করা মসুরের ডালের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে ও আমার মেয়েকে খাওয়ায়। পরে আমি দেখি আমার গলায় রশি পেঁচিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে চেপে ধরেছে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।