ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হাতুড়ি দিয়ে আঘাত, আটক ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১৮ আগস্ট ২০২২
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হাতুড়ি দিয়ে আঘাত, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবার ওপর হামলা করে মারধরসহ মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে কয়েকজন বখাটে। এ নিয়ে নগরীর তিনটি থানায় দৌড়ঝাপ করেও সুরাহা পায়নি ভুক্তভোগী পরিবার।

পরে বিষয়টি র‌্যাব-৫ এর নজরে আসলে ভুক্তভোগীদের থেকে একটি অভিযোগ গ্রহণ সাপেক্ষে তিন বখাটেকে আটক করে র‌্যাব-৫।

আটক তিন যুবক হলেন, নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার ইউসূফ খানের ছেলে ইরফান খান মিজান (২৩), একই এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে মো. ফরহাদ (২৭) ও মৃত ইনতাজ আলীর আরেক ছেলে মো. আখের আলী (৩২)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করে র‌্যাব-৫ কর্তৃপক্ষ।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাণী সাহা নামে এক কলেজছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার পিতা শ্রী নীলমাধব শাহাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হন তিনি। এ সময় তার স্ত্রী বন্দনা রাণী সাহা (৩৫) এগিয়ে আসলে তাকেও মারধর করে তার জামা-কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে ওই বখাটেরা। রাজশাহী নগরীর মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এলাকায় গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ঘটনায় শ্রী নীলমাধব শাহা ও তাহার মেয়ে রাণী সাহা সংবাদ সম্মেলন করে ঘটনাটি গণমাধ্যমে তুলে ধরেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাজশাহী রেলওয়ে থানায় একটি  মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যাব ন্যায় বিচার করার জন্য ছায়া তদন্ত শুরু করে এবং মেহেরচন্ডী পূর্বপাড়া সমশের মোড় এলাকা থেকে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!