গভীর রাতে বসতঘরে আগুন, পুড়ে মরলো প্রতিবন্ধী যুবক
শরীয়তপুরের নড়িয়ায় রাতে হঠাৎ বসতঘরে আগুন লেগে সুমন মুন্সী নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভুমখাড়া ইউপির পাটদল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মুন্সী ওই গ্রামের ইতালি প্রবাসী জয়নাল মুন্সীর বড় ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে পাটদল গ্রামের জয়নাল মুন্সীর বসতঘরে হঠাৎ আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে জানায় এলাকাবাসী। পরে নড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে মারা যান মানসিক প্রতিবন্ধী সুমন।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাটদল এলাকায় গিয়ে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরে থাকা এক যুবক পুড়ে মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নড়িয়া থানার ওসি মাহাবুব আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।