গ্রেফতারের ভয়ে পালালো রাতে, সকালে মিলল নারীর মরদেহ
কুমিল্লায় গ্রেফতার থেকে বাঁচতে রাতে ঘর থেকে পালিয়ে যান সেলিনা বেগম নামে এক আসামি। পরদিন রোববার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেলিনা ওই গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের স্ত্রী।
জানা যায়, এক ব্যক্তির সঙ্গে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত একটি মামলায় আদালত নাছির উদ্দিন, তার স্ত্রী সেলিনা ও মেয়ে তানজিনা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত ১১ আগস্ট ওই গ্রেফতারি পরোয়ানা চান্দিনা থানায় আসার পর পুলিশ ১৩ আগস্ট রাতে তাদের গ্রেফতার করতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় নাছিরের স্ত্রী সেলিনা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ খোঁজাখুজি করে সেলিনাকে না পেয়ে নাছির উদ্দিন ও তার মেয়ে তানজিনাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এরই মধ্যে রোববার সকালে এলাকার লোকজন বাড়ির পাশের একটি পুকুরে সেলিনার মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মৃতের স্বামী নাছির উদ্দিন জানান, রাত দেড়টার দিকে পুলিশ এলে আমি দরজা খুলে দেই। পুলিশ আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকার বিষয়টি জানায় এবং আমাদের থানায় নিয়ে যাওয়ার কথা বলে। এ সময় আমার স্ত্রী ঘরের বাইরে চলে যায়। এরপর আর তাকে পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করে বলেন, মামলার বাদীপক্ষ আমার স্ত্রীকে হত্যা করে পানিতে ফেলে দিতে পারে।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক করতে যায়। কিন্তু ওই নারী কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে ওই নারীর মরদেহ উদ্ধারের ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।