তিনি মস্তবড় ভুয়া কর্মকর্তা!
চট্টগ্রামে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শুভ মল্লিক ওরফে ঋতুরাজ সেনগুপ্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরের খুলশী থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি সন্তোষ কুমার চাকমা। এর আগে, শনিবার রাতে আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শুভ মল্লিক পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউপির যোগেশচন্দ্র মল্লিক বাড়ির অনুপম মল্লিকের ছেলে।
জানা যায়, সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে পরিচয় হয় শুভ মল্লিকের। তখন শুভ মল্লিক নিজেকে বড় অফিসার বলে পরিচয় দেন। পরে গত ১৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ভেটেরিনারির কিছু চিকিৎসক, বিভিন্ন পদের অর্থাৎ হিসাবরক্ষক, ইঞ্জিনিয়ার, এপিএস রিসিপশনিস্টসহ অন্যান্য পদে লোক নিয়োগের কথা বলেন। পরীক্ষার খরচ বাবদ ১৫ প্রার্থী থেকে দুই ধাপে চার হাজার ৯৪৫ টাকা করে বিকাশ ও নগদ নম্বরে মোট ৭৪ হাজার ১৭৫ টাকা নেন। প্রত্যেক প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টাকা গ্রহণ নিশ্চিত করেন। অধ্যাপকের রেফারেন্সের প্রার্থীদের কাছ থেকে এভাবে টাকা আত্মসাৎ করেন তিনি। এ ঘটনায় ৫ জুলাই থানায় মামলা করেন অধ্যাপক।
ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগে শুভ মল্লিক ওরফে ঋতুরাজ সেনগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বক্স সিল, একটি ভুয়া ভিজিটিং কার্ড, একটি মোবাইল সেট, একটি মানিব্যাগ ও ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।