ট্রলার থেকে ১৪০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার সফরমালী মেঘনা উপকূলীয় এলাকায় একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ১ হাজার ৪শ’ লিটার চোরাই ডিজেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে মো. সিদ্দিকুর রহমান নামে ব্যক্তিকে আটক করা হয়।
রোববার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার সফরমালী এলকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার থেকে ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ মো. সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরাই ডিজেল বিক্রির জন্য তিনি মতলব উত্তর উপজেলা থেকে চাঁদপুর মেঘনা মোহনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বর্তমানে দেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ডিজেল, ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার এবং আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।