[ দেশজুড়ে ]
নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল বাবা-ছেলের
দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার বেইলিব্রিজ সংলগ্ন রানিপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্ৰামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ও তার ছয় বছরের ছেলে রাধাকান্ত।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথিন, তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্ত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বেইলি ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী, অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন ও তার স্ত্রী আয়েশা।
ওসি জানান, ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!